× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফেরত দিলেন সেই বিএনপি নেতা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ২২:১৩ পিএম

কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফেরত দিলেন সেই বিএনপি নেতা

কর্মীর দেওয়া ১০ লাখ টাকার সেই চেক ফেরত দিয়েছেন সুনামগঞ্জÑ১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুল। রবিবার (২৬ অক্টোবর) এক সমাবেশে তিনি চেকটি ফেরত দেন। এর আগে শনিবার নির্বাচনী খরচের জন্য তাকে চেকটি দেন বিএনপিপ্রেমি নূর কাসেম (৩৭)। কামরুল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে সমাবেশ মঞ্চে বিএনপির কর্মী নূর কাসেম নির্বাচনে খরচের জন্য কামরুজ্জামানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

বিএনপি কর্মী নূর কাসেমের বাড়ি তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের মান্দিয়াতা গ্রামে। মুঠোফোনে তার সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি পেশায় কৃষক। তবে ইট কেনাবেচার ছোটখাটো ব্যবসা আছে তার। লেখাপড়া জানা নেই। কোনোমতে স্বাক্ষর করতে পারেন। তিনি বিএনপিতে তেমন সক্রিয় না হলেও তার বাবা প্রয়াত মো. সামসুদ্দিন বিএনপির রাজনীতি করতেন। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে আছে।

১০ লাখ টাকার চেক দেওয়ার বিষয়ে নূর কাসেম বলেন, ‘আমি ওনারে (কামরুল) ভালা পাই। উনি গরিবের লাগি ভালা। তাই মনের আবেগে দিছিলাম। তাই আইজ (রবিবার) আমারে চেকটা ফিরত দিছইন। আমার অত টেকা নাই। তয় যদি তাইনের টেকা লাগে, শ্রীপুর বাজারে আমার একটা ভিটা আছে, ইটা বিক্রি কইরা তাইনেরে টেকা দিমু।’

তাহিরপুর থেকে জামালগঞ্জে গিয়ে কেন চেক দিলেন জানতে চাইলে নূর কাসেম জানান, তিনি সমাবেশ দেখতে গিয়েছিলেন। মানুষ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তিনি একটি মালা ও চেক তুলে দেন কামরুজ্জামানের হাতে। এখন বিষয়টি নিয়ে অনেকেই অনেক কথা বলছেন জানিয়ে নূর কাসেম বলেন, ‘আমি খারাপ মানুষ না। কাম করি খাই। আমার কোনো ধান্দা নাই। আমি শিক্ষিত না, রাজনীতি অততা বুঝিও না। মন থাকি ওনারে ভালা পাই। এর লাগি দিছিলাম।’

বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুল বিষয়টি তার প্রতি নেতাকর্মীদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। কামরুল বলেন, সমাবেশে হাজার হাজার লোক ছিলেন। কেউ ফুল, কেউ কাগজ, কেউ টাকার মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ ১০, কেউ ১০০, কেউ ৫০০ টাকার নোটের মালা দিয়েছেন। তেমনি নূর কাসেম হঠাৎ মঞ্চে এসে ১০ লাখ টাকার একটি চেক দিয়েছেন।

নূর কাসেমের বিষয়ে কামরুজ্জামান বলেন, ‘এটি দলের প্রতি, আমার প্রতি তার (নূর কাসেম) ভালোবাসা। আমি তার ভালোবাসাটা গ্রহণ করেছি, চেকটি ফেরত দিয়েছি। আজ (রবিবার) বিকালে আমার একটি কর্মসূচি ছিল। সেখানে ওই কর্মীর হাতে চেকটি ফেরত দিয়েছি।’

উল্লেখ্য, ২৫ অক্টোবর বিকালে বিএনপির ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে এই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কামরুজ্জামান কামরুল। একপর্যায়ে কর্মীরা তাকে ফুল ও টাকার মালা গলায় দিয়ে শুভেচ্ছা জানান। তখন নূর কাসেম নামের এক কর্মী মঞ্চে উঠে কামরুজ্জামানের হাতে নির্বাচনে খরচের জন্য একটি চেক তুলে দেন। কামরুল সেটি হাতে নিয়ে দেখেন, ১০ লাখ টাকার চেক। পরে তিনি চেকটি সমাবেশে উপস্থিত দলের নেতাকর্মীদের দেখান।

জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির তৃণমূল কর্মী ও তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় কামরুল ছাত্রজীবন থেকেই হাওর জনপদে খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। সম্প্রতি বিভিন্ন উপজেলায় নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত তৈরির লক্ষে তার উপস্থিতিতে জনসমাবেশে ব্যাপক লোকসমাগম হতে দেখা যায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা