মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ২১:৪৩ পিএম
মাদারীপুরে যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক পথচারী নারী নিহত হয়েছেন।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ফাতেমা বেগম (৫৫)। তিনি সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চতুরপারা মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাস উকিলবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি পথচারী ফাতেমা বেগমকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ফাতেমা বেগমকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর শেখ আহাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।