আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ২১:০৮ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫ ২১:৪০ পিএম
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সব আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আত্রাই উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস স্টেশনের কাছে পৌঁছালে বিক্ষোভকারীরা রেললাইনে নেমে পড়েন, ফলে ট্রেনটি থামতে বাধ্য হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ জেলার একমাত্র ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি দিয়ে আত্রাই ও রাণীনগর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজশাহীর বাগমাড়া, নাটোরের সিংড়া ও মাধনগর উপজেলার মানুষ এ স্টেশন হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যাতায়াত করে থাকেন। উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর, চিলাহাটী, পঞ্চগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সব ট্রেন এ স্টেশনের ওপর দিয়ে চলাচল করলেও শুধু দ্রুতযান এক্সপ্রেস ও নীল সাগর ছাড়া আর কোনো ট্রেনের স্টপেজ এখানে নেই।
মানববন্ধনে বক্তব্য দেনÑ আত্রাই উপজেলার ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম এবং আত্রাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু শাহীন।
তারা বলেন, আহসানগঞ্জ স্টেশন শুধু আত্রাই নয়, আশপাশের কয়েকটি উপজেলার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। তাই ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের এখানে স্টপেজ দেওয়া ও স্টেশনটির সংস্কার এখন সময়ের দাবি। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এবং ঢাকায় ডিজি বরাবর আবেদন দেওয়া হয়েছে।
এ সময় মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।