চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ২০:৫৭ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫ ২১:২৮ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির চেষ্টাকালে গণধোলাই দিয়ে ৩ ডাকাতকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিরার (২৬ অক্টোবর) ভোররাতে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকালুর গ্রামে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ ৬ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় ডাকাতি মামলা হয়েছে।
আটককৃতরা হলোÑ কুমিল্লা সদর দক্ষিণের কালিকাপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহন হোসেন বক্কর (২৫), একই উপজেলা সামবক্সি এলাকার আবু মিয়ার ছেলে সাগর (৪০) ও মেহেদী হাসান ফাহিম (২০)। এ সময় অপর ৩ জন পালিয়ে যায়। তখন উপস্থিত স্থানীয়রা আটক ৩ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। মোটরসাইকেলসহ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। এদের মধ্যে ফাহিমের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মামলার অভিযোগকারী নাজমুল হাসান রকি বলেন, ডাকাতরা মূলত আমাদের বিল্ডিংয়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকে ডাকাতি করতে এসেছিল। তারা আমাদের আশপাশের সবার ঘরের বাইরে তালা দিয়ে দেয়। গ্রামীণ ব্যাংকের তালা ভাঙতে না পেরে যাওয়ার সময় আমার মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টাকালে শব্দে আমার ঘুম ভেঙে যায়।
রবিরার বিকালে তথ্যটি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদ।
থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানাউল্লাহ বলেন, ‘আটক আসামিদের মধ্যে দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। একজন চিকিৎসাধীন রয়েছে। পালিয়ে যাওয়া অপর ৩ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’