চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ২০:২৯ পিএম
গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এই গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
রবিবার (২৬ অক্টোবর) নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহবান জানান ডা. শাহাদত হোসেন।
চসিক মেয়র বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে জুলুম, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। একজন মানবিক নাগরিক ও জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এ সময়ে তাদের পাশে দাঁড়ানো বিশ্বনেতৃত্বের নৈতিক দায়িত্ব। বাংলাদেশের জনগণ সবসময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে ছিল এবং থাকবে। মানবতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া জাতি হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিকভাবে একাত্ম।
সাক্ষাৎ শেষে ডা. শাহাদাত হোসেন ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে চট্টগ্রাম নগরবাসীর পক্ষ থেকে সংহতির প্রতিকী স্মারক উপহার দেন। এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামে বাংলাদেশের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।
চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, অ্যাডভোকেট আরিফ রেজাসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।