চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৮:৫৭ পিএম
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ৬ মামলার আসামি মো. মাহবুব আলমকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রবিবার (২৬ অক্টোবর) ভোরে চান্দগাঁও থানার ফয়জুল্লা বলীর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে। মাহবুবের বাড়ি ডবলমুরিং থানার কাপুড়িয়া এলাকায়। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় নাশকতা ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় গায়েবি মসজিদের সামনে থেকে মাহবুব আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তি শুরু হয়। সে সময় উপস্থিত লোকজনের হৈ-চৈয়ের মধ্যে সুযোগ বুঝে হ্যান্ডকাফসহ পুলিশের গাড়ি থেকে পালিয়ে যান তিনি।