শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ২১:৫২ পিএম
গাজীপুর সাফারি পার্কে সর্বশেষ জিরাফটির মৃত্যু হয়েছে। এর মাধ্যমে জিরাফশূন্য হয়ে পড়েছে পার্কটি। টিবি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল জিরাফটি। শনিবার (২৫ অক্টোবর) বিকালে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার আফ্রিকান স্ত্রী জিরাফটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। যদিও শনিবার গণমাধ্যমকর্মীদের তথ্যটি জানান পার্ক কর্তৃপক্ষ।
তারেক রহমান জানান, ২০১৩ সালে পার্কটি প্রতিষ্ঠিত। শুরুর পর দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়। ফ্যালকন ট্রেডার্স নামে আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো আমদানি করা হয়েছিল। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়। অন্যদিকে ২০১৮-২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে কয়েকটি জিরাফ মারা যায়। পরে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর আরেকটি জিরাফ মারা গেলে স্ত্রী জিরাফটি সঙ্গীহীন হয়ে পড়ে। সেটিও ২০ অক্টোবর মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর চার দিন পর শুক্রবার সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক রাজু আহমেদ এ ঘটনায় শ্রীপুর থানায় জিডি করেন। সরকারি কাজে ব্যস্ত থাকার কারণে জিডি দায়ের বিলম্ব হয়েছে বলে জানায় পার্ক কর্তৃপক্ষ।
রাজু আহমেদ জানান, সাফারি পার্কের একমাত্র স্ত্রী জিরাফটি অসুস্থ হয়ে পড়লে ১৪ অক্টোবর মেডিকেল বোর্ডের জরুরি সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. গোলাম হায়দারকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়। বোর্ডের সদস্যরা সরেজমিন মৃত জিরাফের পোস্টমর্টেম করেন। তারা প্রতিবেদনে উল্লেখ করেন, জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। পার্কের ভেতরই মৃত জিরাফটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। এখন পার্কটি জিরাফশূন্য হয়ে পড়েছে।
গাজীপুর ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক কামাল হোসেন জানান, জিরাফ মৃত্যুর ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন প্রণয়ন করে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, জিরাফের মৃত্যুর ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পার্ক কর্তৃপক্ষ।