বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ২১:৫০ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নবগঠিত পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল এবং সড়ক অবরোধ করেছে বিএনপির একাংশ সমর্থক। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন ও আওয়ামী লীগের পদ-পদবিতে থাকা নেতাকর্মীদের নবগঠিত কমিটিতে স্থান দেওয়ায় শনিবার (২৫ অক্টোবর) বিকালে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় পৌরসভার ব্যস্ততম এলাকা ওয়াপদা মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। এতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
জানা যায়, ২৩ অক্টোবর রাতে বিএনপির বোয়ালমারী উপজেলা ও পৌরসভার ১০১ সদস্যবিশিষ্ট পৃথক দুটি কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন। দুটি কমিটিতে বিগত ১৭ বছর হামলা-মামলা, জেল-জুলুম সহ্য করা ত্যাগী ও ছাত্রদল, যুবদল থেকে উঠে আসা কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। প্রকারান্তরে কমিটিতে স্থান পেয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের পদ-পদবিতে থাকা একাধিক নেতাকর্মী।
বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপি কমিটির তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যারা বিএনপির দুর্দিনে পাশে থেকে দলকে ধরে রেখেছেন, সেই ত্যাগী নেতাদের উপেক্ষা করে নতুন কমিটিতে চিহ্নিত আওয়ামী লীগ সমর্থকদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, ‘খন্দকার নাসিরুল ইসলাম টাকার বিনিময়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের চিহ্নিত ব্যক্তিদের পদ দিয়েছেন। তিনি অর্থের বিনিময়ে বিএনপিকে বিক্রি করে দিয়েছেন।’ এ সময় বঞ্চিতরা ওই কমিটি বাতিল ও নতুন করে গঠনের দাবি জানান।