চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৮:১৭ পিএম
ভারতের অভ্যন্তরে বিভিন্ন সময় আটক বাংলাদেশী নাগরিকদের পতাকা বৈঠকের মাধ্যমে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ৩১ নারী-পুরুষ শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ।
বিজিবি জানায়, শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১ টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ দর্শনা আইসিপি কমান্ডারকে প্রতিপক্ষ ৩২/বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ গেদে ক্যাম্প কমান্ডার জানান ভারতের অভ্যন্তরে বিভিন্ন সময় পুলিশ কর্তৃক আটককৃত ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা, ২ জন হিজরা এবং ৩ জন শিশু মোট ৩১ জন বাংলাদেশী নাগরিককে ফেরত দিবেন। তথ্যানুযায়ী বিএসএফ তাদের নাম ঠিকানা ও মোবাইল নম্বর বিজিবির কাছে প্রেরন করেন। এরপর বিজিবি এসব বাংলাদেশীদের পরিচয় সনাক্ত করে গতকাল দুপুর ১ টায় দর্শনা আইসিপির সীমান্ত পিলার ৭৬ এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ থেকে গ্রহণ করে।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে সুবেদার মো. আবুল হাসান এবং বিএসএফের পক্ষে ইন্সপেক্টর শিব শংকর সিং নেতৃত্ব দেন।
হস্তান্তরকৃত ৩১জনের বাড়ি বাংলাদেশের ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়।
ফেরত আসা ব্যক্তিরা জানায়, তারা কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিল। ভারতে মুম্বাই শহরে কাজ করে জীবন-জীবিকা চালাতো। সম্প্রতি চলমান অভিযানে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। এরপর কারাগার থেকে গতকাল পশ্চিমবঙ্গের গেদে চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, এসব ব্যক্তিদের স্বজনদের সাথে যোগাযোগ করে এদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হবে।