কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৬:৫৮ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫ ১৭:০৮ পিএম
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে নামজারি করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জিন্নাহ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুর্শা ইউনিয়নের বাহাগিলি গ্রামের মৃত আনছার আলীর ভুক্তভোগী পরিবারের সদস্য রাসনা বেগম বলেন, বিগত কয়েক মাস আগে তাদের নামীও জেএল নং-৩০, আর.এস ২১, খতিয়ান নং ২০,৪৫০, নামজারি ৬৫২, দাগ নং ১৭১৪, ১৭১২, ১৭১১ ও ১৭১৪, ১৭১২, ১৭১১-এর ১ একর ২১ শতাংশ এবং আরএস খতিয়ান নং ২১ নামজারি ৭৮৭, দাগ নং ১৭৪২ জমির পরিমাণ ২৪ শতাংশ। মোট ১ একর ৪৫ শতাংশ জমি প্রভাবশালী নামজারি করে নেন। সেই নামজারি বাতিলের জন্য গত ৮ মার্চ তারিখে কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দপ্তরে একটি আবেদন করি। ১০ মার্চ তারিখে উপজেলা সহকারী কমিশনার ভূমির দপ্তর থেকে প্রাপ্ত শুনানির নোটিশ আমরা সকল অংশীজন হাজির হইলে সহকারী কমিশনার ভূমি শুনানি শেষে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেন।
রাসনা বেগম বলেন, প্রতিবেদন প্রদানের নির্দেশ পাওয়ার পর কুর্শা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান আমাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করলে আমরা সকল অংশীজন মিলে তাকে ৫০ হাজার টাকা প্রদান করি। এর মাঝে ওই মিজানুর রহমান বিবাদী প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষেও প্রতিবেদন দেওয়ার কথা বলে ৫ লাখ টাকা নিয়েছে বলে আমরা জানতে পারি। যার কারণে তিনি এখনও নামজারি বাতিলের কোনো প্রতিবেদন দিচ্ছে না।
সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানের এমন আচরণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গত ২০ অক্টোবর তারিখে জেলা প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত আবেদন দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় চিন্তিত ওই পরিবারটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম, আনিছা বেগম, আম্বিয়া বেগম প্রমুখ।