ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৪:৪৬ পিএম
ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন।
শবিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় নাসিম উদ্দিন আকনকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন মোটরসাইকেল চালক আহত শহিদুল ইসলামের বরাত দিয়ে জানান, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে নাসিম উদ্দিন আকন মোটরসাইকেল চালক শহিদুলের মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। এসময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে নাসিম আকন ছিটকে পাশের একটি গাছে ধাক্কা খেয়ে ডোবায় পরে যান। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে তার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। শোকে মুহ্যমান কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, তাকে হারিয়ে ভাষা হারিয়ে ফেলেছি। তিনি ছিল উপজেলা বিএনপি তথা সাধারণ মানুষের ভরসাস্থল। দলের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুক। আগামীকাল রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় রাজাপুর পাইলট স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।