খাগড়াছড়ির পানছড়ি
খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১১:১৯ এএম
খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর পক্ষে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর পানছড়ি আর্মি ক্যাম্প অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
অভিযান চলাকালীন সেনাবাহিনী তার নিকট থেকে এক লক্ষ টাকা নগদ অর্থ ও একাধিক চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করে।
আটক ব্যক্তির নাম সৈয়দ মাহবুব রহমান (৫৩)। তিনি পানছড়ি উপজেলার দমদম এলাকার মৃত ডা. মিজানুর রহমানের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের পক্ষে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিতভাবে অবৈধ চাঁদা আদায় করে আসছিলেন।
আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানায়, অবৈধ চাঁদা আদায় চক্রের অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ি বাজারসহ আশপাশ এলাকায় সম্প্রতি চাঁদা আদায়ের অভিযোগ বাড়ছিল। সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।