বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২৩:৫৬ পিএম
উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা ‘দেশপ্রেমী শিক্ষার্থী’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে তারা। সংগঠনটির সারা দেশে বিভিন্ন সময় ধারাবাহিক সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে। এর পর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড ফ্লোরে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’ এবং ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ইসকন নামের সন্ত্রাসী সংগঠনটি দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমরা আর অস্ত্রের ঝনঝনানিতে অ্যাডভোকেট আলিফের মতো কাউকে না হারাই, যেন মাওলানা মহিবুল্লাহর মতো কেউ আর গুম-নির্যাতনের শিকার না হয়।
ইনকিলাব মঞ্চ ববি শাখার সদস্য সচিব ইফতেখার সায়েম বলেন, ৫ আগস্ট হতে আজ পর্যন্ত ইসকন তথা ভারত ও আওয়ামী লীগের বি টিম কর্তৃক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চলমান উস্কানি, হত্যা, ধর্ষণসহ নানা সাম্প্রদায়িক, দেশদ্রোহী ও গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে আজ আমরা এখানে উপস্থিত। আপনারা জানেন, মাওলানা মহিবুল্লাহ মাদানি ইসকনের দ্বারা গুম, নির্যাতন ও হুমকির শিকার। এই ঘটনার পর আমাদের গণদাবি, ইসকনকে এদেশে নিষিদ্ধ করা হোক এবং তাদের আস্তানাগুলোতে চিরুনি অভিযান চালানো হোক।
সমাবেশে আরও বক্তব্য দেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম, ইতিহাস বিভাগের মোশাররফ হোসেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাসুম বিল্লাহ, ইংরেজি বিভাগের রাকিন খানসহ অনেকে।