ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২৩:২৫ পিএম
গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আসাদ খোকন নামে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। আসাদ খোকন জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য।
বিষয়টি নিশ্চিত করে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আসাদ খোকনকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে তার যথাযথ ব্যাখ্যা লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, আসাদ খোকনের বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের একটি অভিযোগ উত্থাপিত হয়; যা কেন্দ্রীয় কমিটির নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় আসাদকে জেলা সমন্বয় কমিটির সদস্যপদসহ সব দায়িত্ব থেকে এনসিপির আহবায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সাময়িক অব্যাহতি দেয়া হলো।
খোঁজ নিয়ে জানা যায়, নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর মৌজার ৯৫০ ও ৯৬৩ দাগে দুটি খাস পুকুর রয়েছে। বহু বছর ধরে লক্ষীপুর দারুল কোরআন মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানের নামে ইজারা নিয়ে উন্নয়ন কাজে ব্যবহার হয়ে আসছিল। কিন্তু আসাদ খোকন খাস পুকুর দুটি অবৈধভাবে দখলের চেষ্টা করেন। উপজেলা ভূমি অফিস বিষয়টি জানতে পেরে উন্মুক্ত ইজারা দেওয়ার ব্যবস্থা করেন। ইজারার খবর শুনে আসাদ খোকন স্থানীয়দের অংশ নিতে নিষেধ করেন। ইজারায় অংশ নিলে আসাদ হত্যার হুমকিও দেন বলে অভিযোগ এলাকাবাসীর।
গত ১৪ অক্টোবর এসিল্যান্ড অফিসে ইজারায় অংশ নিতে আসেন লক্ষীপুর গ্রামের চার ব্যক্তি। সেখানে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পথচারীও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় আসাদ খোকনের বিরুদ্ধে ইউএনও এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে আসছেন আসাদ খোকন বলেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে নাসিরনগরে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। এরই ধারাবাহিকতায় পুকুর ইজারায় অংশগ্রহণ করায় ষড়যন্ত্র করে আমার নাম জড়ানো হচ্ছে। অথচ এই ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। বরং আমার ওপর আক্রমণ করা হয়েছে। আমাকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলতে কুচক্রী মহল স্থানীয়দের দিয়ে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে।