নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২১:২৮ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে মাইজভান্ডারি অনুসারী সৈয়দ শফিউদ্দিন ও তার স্ত্রীর কবরকে ঘিরে গত ৪৫ বছরের পুরনো মাজার ভেঙে নির্মাণ সামগ্রী লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় কবর থেকে লাশ তুলে নিতে কবর খুড়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতের কোনো এক সময় পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২০ নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে।
মরহুম সৈয়দ শফিউদ্দিন মাইজ ভান্ডারীর ছেলে ফজর আলী বলেন, তার বাবা ১৯৮০ সালে মারা গেলে তৎকালীন গোবিন্দপুর গ্রামে বর্তমানে পূর্বাচল ২০ নং সেক্টরে কবর দেয়া হয়। সৈয়দ শফিউদ্দিন মাইজভান্ডারি জীবদ্দশায় স্থানীয় একটি মসজিদে ১৯ বছর ইমামতি করেছেন। তিনি ছিলেন কুরআনে হাফেজ। পাশাপাশি ইসলাম ধর্মের সুফীবাদ মতাদর্শী।
তিনি বলেন, বাবার কবরকে মাজার হিসেবে রাখতে ৩০ শতক জমি ওয়াকফ করা হয়। কিন্তু একটি মহল মাজারের জমি ও কবর দুটি তুলে নিতে নানাভাবে চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা হামলা করে মাজার ভেঙে মালামাল লুটে নিয়ে যায়। কবর খুড়া দেখে মনে হচ্,ছে লাশ তুলে নেওয়ার চেষ্টা করেছে।
মরহুম পীর শফিউদ্দিনের পরিবারের সদস্য অ্যাডভোকেট শাহ্ আলম অভি বলেন, রাতের আধারে দূর্বৃত্তরা গুড়িয়ে দিল ৪৬ বছরের পুরোনো সৈয়দ সফিউদ্দীন আহমেদ মাইজভান্ডারির মাজার। অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন মাজারের সীমানা প্রাচীর, ২২টি বিভিন্ন প্রজাতির গাছ, কালেমা খচিত ৪টি নিশানসহ রক্ষিত নির্মাণসামগ্রী ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জিডির সূত্র ধরে ঘটনার তদন্ত চলমান। জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।