হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২০:৪৬ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫ ২১:১২ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে সহপাঠীদের পিটুনিতে নিহত স্কুলছাত্র তানভিরের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী মডেল থানার সামনে আয়োজিত এ মানববন্ধন অংশগ্রহণকারীরা দ্রুততম সময়ের মধ্যে খুনি ও তাদের সহযোগীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এতে বক্তারা এই হত্যার সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, চলতি মাসের মাঝামাঝিতে পৌরসভার আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মোবাইলে ভিডিও ধারণ করা নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে, যা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হস্তক্ষেপে সমঝোতা হয়েছিল।
এরপরও গত মঙ্গলবার দুপুরে ওই ঘটনার জেরে পৌরসভার রেলস্টেশন সড়কের পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে দশম শ্রেণির শিক্ষার্থী শিহাবসহ ৭-৮ জন মিলে স্কুলের নবম শ্রেণির ছাত্র তানভির ও তার এক বন্ধুকে বেধড়ক পিটুনি দেয়।
এতে গুরুতর আহত স্কুলছাত্র তানভিরকে স্থানীয় লোকজন চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাটহাজারী থানার ওসি মনজুর কাদের বলেন, ইতোমধ্যে তিন সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে।