পোরশা (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২০:০০ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫ ২০:০৮ পিএম
নওগাঁর পোরশায় বলাৎকারের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মুসা (৫৫) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার শ্রীকলা নতুনপুকুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী ফাতেমা বেগমের করা মামলায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার মুসা জেলার পোরশা গবিরাকুড়ি গ্রামের মৃত আ. শুকুরের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মুসা শ্রীকলা নতুনপুকুর জামে মসজিদের ইমাম। একই এলাকার ফাতেমার ছেলে নুর মোহাম্মদ (১১) শ্রীকলা আফজালুল উলুম মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ালেখা করে। কিশোর নুর মোহাম্মদ গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীকলা নতুনপুকুর জামে মসজিদে নামাজ পড়তে গেলেও বাড়িতে না ফেরায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একর্পযায়ে মসজিদে গেলে তার ছেলের জুতা দেখতে পায় এবং মসজিদে কোনো মুসল্লি নেই আলো বন্ধ দেখতে পান। এ সময় মসজিদের দরজা ধাক্কা দিয়ে খুলে ফাতেমা তার ছেলেকে ইমাম মুসা বলাৎকার করেছেন বলে নিশ্চিত হন। পরে কথাকাটাকাটির একপর্যায়ে ইমাম সাইকেলে পালানোর চেষ্টা করলে ফাতেমার চিৎকারে গ্রামের লোকজন এসে ইমাম মুসাকে আটক করেন। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মসজিদের ইমাম মুসা কিশোরকে মসজিদের ভেতরে বলাৎকার করেছেন বলে স্বীকার করেছেন। তাকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।