মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৮:২৯ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চুরির সন্দেহে জনতার গণপিটুনিতে মতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত মতিয়ার রহমান বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আহতরা হলেন—ফকিরহাটের চাকুলি গ্রামের আসাদুল শেখ (৪০), আড়পাড়া গ্রামের জনি (৩৮) এবং ভাগা বাজার এলাকার রুমান হাওলাদার (৩৮)। গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।
মহিষপুরা ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. তালেবুল্লাহ শিকদার বলেন, শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর এলাকার বালিডাঙ্গা সড়কে একটি মিনি ট্রাক পিকআপে ৬-৭ জনকে দেখে স্থানীয় ডাব ব্যবসায়ীরা সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদের সময় তারা সঠিক উত্তর না দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মোবাইল ফোনে খবর দিয়ে গ্রামবাসীকে গাড়িটিকে থামাতে বলেন। পরে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে তাদের গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমানের মৃত্যু হয়।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেওজানা মেহজাবিন বর্ণা বলেন, চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণের মধ্যেই মতিয়ার রহমান মারা যান। বাকিদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকলে কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তিনজনকে পুলিশ হেফাজতে খুলনায় নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।