নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৬:১১ পিএম
মুন্সিগঞ্জ জেলার চাঁদপুরে মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিতে দুইজন নিহতের ঘটনার প্রধান আসামি রিপন ছয়ালকে (৩৫) নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
আটক রিপন চাঁদপুর জেলার মতলব থানার মৃত জুমত ছয়ালের ছেলে।
র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গত ৩০ জানুয়ারি বিকালে মুন্সীগঞ্জ সংলগ্ন চাঁদপুরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন। নিহতরা হলেন- চাঁদপুর মতলব থানার পশ্চিম হানিফার গ্রামের মোঃ আক্তার হোসেন খানের ছেলে রিফাত খান (২৮) ও মতলব ভাষানচর দক্ষিণ কান্দি গ্রামের মোঃ কামাল ফকিরের ছেলে রাসেল ফকির (৩৩)। গুলিবিদ্ধ আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।