নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৫:৪৭ পিএম
নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় ঢাকা সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাধবদীর রাইনাদি এলাকার রবিউল্লাহর ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) ও অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের রাইনাদি এলাকা অতিক্রম করছিল। এসময় মাধবদী থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা মহাসড়ক পারাপার হচ্ছিল। দ্রুতগামী বাসটি যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দিয়ে টেনে সামনে নিয়ে যায়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই সিয়াম নামে এক যাত্রী মারা যায়। স্থানীয়রা বাকীদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে অটোরিকশা চালক ফাহিম ও ঢাকা মেডিকেলে চিকিসাধীন অবস্থায় সাব্বির মারা যায়। তিনজনের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা জানান, রাতে ইজিবাইকে করে তারা তিনজন মাধবদীর থেকে রাইনাদি এলাকায় যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি মহাসড়ক পাড় হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতির বাসটি ইজিকাইককে চাপা দেয়। এসময় দুইজন ঘটনাস্থলে নিহত হয়। গুরুত্বর আহব অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান আরও একজন।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পর আরও একজন এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজনসহ তিনজন নিহত হয়েছেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে বাসের চালক ও সহযোগী।