পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ২০:০৬ পিএম
গাজীপুরের টঙ্গীর টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে নিখোঁজের এক দিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলা সদরের হেলিপ্যাড এলাকায় সড়কের পাশে গাছের সঙ্গে শিকল দিয়ে পা বাঁধা এবং বিবস্ত্র অবস্থায় স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখেন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের বিছানায় মুফতি মহিবুল্লাহ সংবাদকর্মীদের জানান, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে পাঁচজন এসে তার মুখে কাপড় চেপে তুলে নিয়ে যায়। এরপর অমানবিক নির্যাতন করে।
তিনি বলেন, ‘তাদের (অপহরণকারী) মুসলমান বা হিন্দু বলে মনে হয়নি। বাংলাদেশিও মনে হয়নি। তারা প্রমিত বাংলা, শুদ্ধ বাংলায় গালাগাল করছিল।’
তিনি আরও জানান, তাকে ইসকনের চিন্ময়কৃষ্ণ প্রভুর জামিনের বিষয়ে কথা বলতে বলা হয়েছিল। কয়েক মাস ধরেই চিঠির মাধ্যমে তাকে ইসকনের বিরুদ্ধে কথা না বলতে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। এমনকি ইসকনের পক্ষে কথা বললে ১ কোটি টাকা দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়। সর্বশেষ ২১ তারিখের একটি চিঠিতে এনসিপি ও বিএনপির বিরুদ্ধে কথা বলতে নিষেধ করা হয়। তাদের কথা না শুনলে হত্যারও হুমকি দেওয়া হয়। চিঠিতে বাংলাদেশকে বাংলাদেশ না বলে পূর্ববঙ্গ বলতে বলা হয় এবং বারবার অখণ্ড ভারতের পক্ষে কথা বলার জন্য বলা হয়েছে। এ সময় তিনি ন্যায়বিচার ও নিরাপত্তা দাবি করেন।
খবর পেয়ে পঞ্চগড়সহ বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামারা তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন। সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, মুফতি মহিবুল্লাহর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এর আগে তার জটিল অপারেশন করা হয়েছিল। তিনি ডায়াবেটিসের রোগী। তাকে যথাযথ স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ভোরের দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কারা তাকে অপহরণ করেছে, এটা তদন্তের বিষয়।