ধুনট (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৯:২৭ পিএম
বগুড়ার ধুনটে বিলচাপড়ী আইডিয়াল কলেজের জমি অবৈধভাবে বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছরোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বাদী হয়ে ছরোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০০ সালে প্রতিষ্ঠিত বিলচাপড়ী আইডিয়াল কলেজের পূর্ব পাশে বয়ে গেছে বাঙালি নদী। নদীর তীরে কলেজের নামে ১০৬ শতক জমি রয়েছে, যেখানে কলেজের সাইনবোর্ডও স্থাপন করা আছে। অভিযোগে বলা হয়েছে, গত ২০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে সাবেক ইউপি সদস্য ছরোয়ার হোসেন লোকজন নিয়ে কলেজের জমিতে প্রবেশ করে সাইনবোর্ড ভাঙচুর ও জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় ২১ অক্টোবর কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বাদি হয়ে ছরোয়ার হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ছরোয়ার হোসেন বলেন, কলেজ প্রতিষ্ঠার জন্য রামনগর গ্রামের মানুষ যে পরিমাণ জমি দান করেছেন, কলেজ কর্তৃপক্ষ তার চেয়ে বেশি জমি দখল করে আছে। কলেজের জমি পরিমাপ করে নেওয়ার জন্য বার বার তাগিদ দেয়া হলেও কাজ হচ্ছে না। আমি কলেজ কর্তৃপক্ষকে জমি ছেড়ে দিতে বলেছি, কোন প্রকার ভাংচুর কিংবা জমি দখলের চেষ্টা করা হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতিলতা বর্মন বলেন, প্রশিক্ষণ গ্রহণের জন্য ব্যস্ত থাকায় এখনো অভিযোগটি পর্যালোচনা করা সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।