বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৯:০২ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানান, সুলতানপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়। এর মধ্যে প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নত মানের শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।