নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৮:৩৯ পিএম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে মো. রিপন মিয়া (৪৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের চাঁনমারী নতুন কোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া ভোলার লালমোহন উপজেলার মোস্তফা কবিরাজের ছেলে। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রিপনের ছোট ভাই ইমাম হোসেন বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রীর ঠিকাদার হিসেবে কাজ করতেন। আইনজীবী সমিতির ভবনের পাঁচতলায় কাজের সময় মিনিক্রেন দিয়ে মালামাল ওঠানোর পরীক্ষা করছিলেন। ক্রেন চালু করার সঙ্গে সঙ্গে সেটি কাঁপতে থাকে। তখন ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিলা হারুন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরের একাধিক স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, দুপুরে নামাজের সময় খবর পাই ভবন থেকে একজন পড়ে গেছে। পরে গিয়ে দেখি ঠিকাদার রিপন নিচে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।