শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৮:২২ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ঘণ্টার ব্যবধানে বেওয়ারিশ কুকুরের কামড়ে তিন শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসি ও পূর্ব আশিদ্রোন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিশুরা হলো—আশিদ্রোন ইউনিয়নের পূর্ব আশিদ্রোন গ্রামের জারু মিয়ার মেয়ে আফসানা (৪), একই ইউনিয়নের জামসি গ্রামের রফিক মিয়ার ছেলে রিফাত (৩) এবং ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামের আব্দুল কাদির জিলানির ছেলে সোহান।
আহত তিনজনকেই শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত আফসানাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লাল রঙের একটি বেওয়ারিশ কুকুর প্রথমে পূর্ব আশিদ্রোন এলাকায় চার বছরের আফসানার পিঠ, ঘাড় ও মাথায় কামড় দেয়। কুকুরটিকে মারতে স্থানীয়রা ধাওয়া করলে সেটি বেপরোয়া হয়ে জামসি গ্রামের তিন বছরের রিফাতকে কামড়ায়। কিছুক্ষণ পর ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামের সোহানও একই কুকুরের আক্রমণের শিকার হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, কুকুরের কামড়ে আহত শিশুদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। আমাদের হাসপাতালে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। অভিভাবকদের কুকুর থেকে শিশুদের নিরাপদে রাখতে সচেতন হতে হবে।