ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৩ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মা মাছ এবং রেনু পোনা নিধন বন্ধে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে শহরের চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে ভৈরব শহর ফাঁড়ির পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মা ইলিশ নিধন প্রতিরোধে সারা দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরব উপজেলার বিভিন্ন হাওর ও জলাশয়ে মা মাছ ও রেনু পোনা রক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরববাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শামসুল ইসলামের গোডাউন থেকে ১৮ বস্তা এবং সাগর মিয়ার গোডাউন থেকে ৩ বস্তা—মোট ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। পরে এসব জাল জনসমক্ষে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, কারেন্ট জাল তৈরি, বিক্রি ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় দুইটি প্রতিষ্ঠান থেকে ২১ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়েছে এবং দুই ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।