ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ২২:৩৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫ ২২:৩৫ পিএম
গরু চুরির মামলায় ফেনীর দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলাউদ্দিন (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২০ অক্টোবর) দাগনভূঞায় তিনটি গরুর চুরির ঘটনায় আলাউদ্দিনের সম্পৃক্ততা মিলেছে। এ ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আলাউদ্দিন দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌরসভার আলাইয়ারপুর গ্রামের বাসিন্দা।
এদিকে, স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করে নি:শর্ত মুক্তি চেয়েছেন তার স্ত্রী শিরিন আক্তার।
দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, আলাউদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও দাগনভূঞা থানায় তিনটি গরু চুরির মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত চোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেছেন আলউদ্দিন।