গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ২২:১৬ পিএম
গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরীর হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় এক পথচারীকে দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এতে তার দুই পা থেঁতলে যায়। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়।
বিক্ষুব্ধ জনতা বলেন, এই মহাসড়কে পারাপারের কোনো নিরাপদ ব্যবস্থা নেই। দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। আমাদের এলাকায় ফুটওভার ব্রিজ স্থাপন করতে হবে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, অথচ প্রশাসনের কোনো পদক্ষেপ নেই—তাই আমরা অবরোধ করেছি।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার জেরে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের সঙ্গে কথা বলছি।