খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ২১:৪৯ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫ ২২:০৫ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয়রা ওই ঘটনায় জড়িত রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭) নামে দুই ধর্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২) এখনও পলাতক রয়েছেন।
এর আগে সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে ভুক্তভোগী কিশোরী স্থানীয় অযোদ্ধা কালি মন্দিরে পূজা দেখতে গিয়েছিল তার আত্মীয়ের সঙ্গে। পূজা শেষে ফেরার পথে অভিযুক্ত চার যুবক কিশোরীর সঙ্গে কথা আছে বলে ডেকে নেয়। পরে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে তারা।
ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কিশোরীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।
জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ভিকটিম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক দুই আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।