হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ২০:৫৭ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫ ২১:০৮ পিএম
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগে সাতজনকে কারাদণ্ড ও জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজি ও হলহলিয়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, অর্থদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বদরগাজি ও হলহলিয়া এলাকার একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পরিবেশ ও কৃষিজমি ধ্বংস করে আসছিল।
অভিযানে হলহলিয়া গ্রামের ফারুক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা। পঞ্চাশ কাঁঠালবাড়ি এলাকার তাউজ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা। দেউন্দি এলাকার আলী হায়দরকে ৫০ হাজার টাকা জরিমানা, একই এলাকার মো. জসিম উদ্দিনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। পঞ্চাশ কাঁঠালবাড়ির খয়ের মিয়া তালুকদারকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। মাঝিশাইল গ্রামের ও পাইকপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আবু সায়েম তালুকদারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, হলদিউড়া এলাকার আব্দুর রউফকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টহল ও অভিযান অব্যাহত থাকবে।