সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৭:০৫ পিএম
সিরাজগঞ্জের কামারখন্দে শামীম শেখ হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ করেছেন মামলার বাদী ছাইফুল ইসলাম। প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করে মামলার বাদীর মেয়ে রেশমা খাতুনকে আটক দেখিয়ে রিমান্ডে এনে নির্যাতনের অভিযোগও করেন তিনি।
বুধবার (২২ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মামলার বাদী ছাইফুল ইসলাম বলেন, আমার ছেলে হত্যার সঙ্গে জড়িত ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করতে চাইলেও কামারখন্দ থানা পুলিশ মামলা নেয়নি। পুলিশ বলে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করেন। পরে এই মামলায় আমার মেয়ে রেশমা খাতুনকে আটক করে ডিবি পুলিশ।
কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার এসিআই ফুড লি:-এর কর্মকর্তাদের বাঁচাতে আমার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। আমার মেয়েকে আটকের পর রিমান্ডে এনে নির্যাতন করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি নেওয়া হয়েছে। আমার ছেলে হত্যা মামলায় যারা জড়িত ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার না করে আমার মেয়েকে গ্রেপ্তার করে। তারা মামলাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।
ডিবি পুলিশ বিভিন্নভাবে আমাদের হয়রানি করছে। আমার আরেক মেয়ে শিল্পী খাতুন ও নাতি তানভীর এবং বড় ছেলেকেও গ্রেপ্তারের হুমকি দিচ্ছে পুলিশ। তাদের বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে। মামলাটি সুষ্টভাবে তদন্ত করে প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও আমার মেয়েকে মুক্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২ জুলাই দুপুরে কামারখন্দ উপজেলার কুটিরচর শাটিবাড়ী গ্রামের ছাইফুল ইসলামের ছেলে শামীম শেখ ইছামতি নদীতে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর গত ৪ জুলাই ভদ্রঘাট এলাকার এসিআই ফুড লি:-এর টিনের বাউন্ডারিসংলগ্ন ডোবায় কচুরি পানার ভেতর থেকে শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা ছাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।