রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২২:২১ পিএম
রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে একটি বন্য হাতি শাবকের মৃতদেহ পাওয়া গেছে। বন বিভাগের ধারণা, খাড়া পাহাড় থেকে পা পিঁছলে হ্রদের পানিতে পড়ে আহত অবস্থায় ডুবে মারা যায় শাবকটি।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় ঘটনাটি ঘটেছে। বন বিভাগের ধারণা সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিনভর পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ ও বন বিভাগের সদস্যরা শাবকটির মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালান। তবে কাপ্তাই হ্রদের তীরে মৃত শাবকটির কাছেই মা হাতিটি সারাদিন দাঁড়িয়ে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়।
ডিএফও মো. রফিকুজ্জামান শাহ বলেন, সম্ভবত পাহাড় থেকে পড়ে হাতি শাবকটি কাপ্তাই হ্রদে পড়ে মারা গেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দিনভর উদ্ধারের চেষ্টা চালিয়েছি, কিন্তু মা হাতিটি কাছাকাছি অবস্থান করায় কাছে যাওয়া সম্ভব হয়নি। বুধবার (২২ অক্টোবর) আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, হাতি শাবকটি উদ্ধার করে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই এলাকায় প্রায় ১৩-১৪টি বন্য হাতি রয়েছে। মৃত শাবকটির বয়স এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বন বিভাগ জানিয়েছে, মা হাতিটি শাবকের মৃত্যু মেনে নিতে না পেরে স্থান ত্যাগ করছে না। ফলে উদ্ধার অভিযান সতর্কভাবে পরিচালনা করা হচ্ছে, যাতে মা হাতি উত্তেজিত না হয়।