চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২১:৩০ পিএম
প্রতীকী ফটো
কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে গীতা রানী দাশ (৬২) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গীতা রানী দাশ ডুলহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিসপাড়া এলাকার মৃত বাবুল দাশের স্ত্রী।
স্থানীয়রা জানান, গীতা রানী দাশ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ির অদূরে রেললাইনে হাঁটাহাঁটি করার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কক্সবাজার রেলওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মোহাম্মদ শাহজালাল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। তবে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।