প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ
হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২০:৪৭ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫ ২০:৫৭ পিএম
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দিনাজপুর জেলা কার্যালয়ের একটি টিম। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. খায়রুল বাশার। অভিযানে অফিসে চলমান নানা অনিয়ম, ঘুষ লেনদেন এবং দালালদের সক্রিয়তা সরেজমিনে যাচাই-বাছাই করা হয়।
অভিযান চলাকালে অফিসে উপস্থিত এক দালালকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার মাধ্যমে কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। দুদক টিম অফিস থেকে সংশ্লিষ্ট খতিয়ান, দাগ নম্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করে। এর আগে দেশের খ্যাতনামা দৈনিক প্রতিদিনের বাংলাদেশে গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত ‘বিরামপুর সেটেলমেন্ট অফিস ঘুষবাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভয়ারণ্য’ শিরোনামে অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন প্রচারিত হয়। এর পরপরই নড়েচড়ে বসে প্রশাসন, যার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক খায়রুল বাশার বলেন, ‘দীর্ঘদিন ধরেই বিরামপুর সেটেলমেন্ট অফিসে ঘুষ, অনিয়ম ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগ ছিল। আমরা এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছি। বিশেষ করে প্রায় ১৮ একর সরকারি জমি অবৈধভাবে ব্যক্তিমালিকানায় হস্তান্তরের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া দালালদের অবাধ দৌরাত্ম্য রয়েছে। আমরা অফিস থেকে সংশ্লিষ্ট খতিয়ান, দাগ নম্বরসহ বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছি। এসব দলিল পর্যালোচনা করে প্রাথমিক অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এই অভিযানে স্থানীয় সচেতন মহল স্বস্তি প্রকাশ করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে এটি একটি সাহসী ও প্রয়োজনীয় পদক্ষেপ বলে মন্তব্য করেছে। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে সরকারি অফিসগুলোকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করা হবে।