খুলনা অফিস
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৯:৪৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সরকার দ্রুত সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেবে। নভেম্বরেই গণভোটের মাধ্যমে এই সনদের বাস্তবায়ন দেখতে চাই।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক কার্যালয়ে ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ এখন একটি ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে দেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে এটি হবে ঐতিহাসিক পদক্ষেপ।
জামায়াতে ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে তিনি বলেন, তাগুতের সকল ষড়যন্ত্রকে মেধা ও নৈতিকতার শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারের জবাব দিতে তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে।
জামায়াতে সেক্রেটারি জেনারেল আরও বলেন, জামায়াত ঘের দখল, জমি দখল করে না। বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো হবে।
স্বাধীনতার ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসনের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ২১ বছর আওয়ামী লীগ, ১৫ বছর বিএনপি আর ৯ বছর জাতীয় পার্টি ক্ষমতায় থেকেও জনগণের ভাগ্যের পরিবর্তন আনতে পারেনি, করেছে নিজেদের পরিবর্তন। এবার জামায়াতে ইসলামীকে সুযোগ দিন, দেখবেন দেশ ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে।
ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং আব্দুর রশীদ বিশ্বাসের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকিরসহ স্থানীয় নেতারা।
সকালে শাহপুর গাজীপাড়ায় মহিলা সমাবেশ, দুপুরে শাহপুর বাজারে গণসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়, বিকালে থুকড়া আমভিটা বাজারে গণসংযোগসহ দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।