মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৮:৩৯ পিএম
মানিকগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসির দড়ি নিয়ে অনশন করছেন প্রেমিক দাবি করা এক যুবক। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রেমিক রবিউল হাসান রবি (২৮) হরিরামপুরের উত্তর মেরুণ্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে। প্রেমিকা তাহমিনা মিম (২১) কৌড়ির প্রবাসী আব্দুল কুদ্দুসের মেয়ে। তিনি মানিকগঞ্জ মহিলা কলেজে অনার্স পড়ছেন।
জানা গেছে, মাস তিনেক আগে মিমের সঙ্গে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠ। একপর্যায়ে দুই পরিবার বিয়ের সম্মতি জানায়। সম্পর্ক আগাতে থাকলে একসময় প্রেমিকা মিম বেঁকে বসেন। এরপর থেকেই প্রেমিক রবিউল পাগলপ্রায় হয়ে যান। শেষমেষ উপায়ন্তর না পেয়ে প্রেমিকা মিমের বাড়িতে ফাঁসির দড়ি নিয়ে অনশনে বসেন প্রেমিক যুবক।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিক রবির কাণ্ড দেখতে মেয়ের বাড়িতে ভিড় করছেন আশপাশের মানুষজন।
মিমের দাবি, রবিউলের সঙ্গে কেবলমাত্র কথাবার্তা, টুকটাক দেখা সাক্ষাৎ হয়েছে। এর বাইরে প্রেম কিংবা বিয়ের কোনো সম্পর্ক তার সঙ্গে নেই। হেয়প্রতিপন্ন করার জন্যই বাড়িতে এসে সম্মানহানির চেষ্টা করছে। আমি এই ছেলেকে বিয়ে করব না। ও (রবিউল) মানসিকভাবে ভারসাম্যহীন।
একই বক্তব্য প্রেমিকার মা পারভীন আক্তারের। তিনি বলেন, মেয়ে যেখানে সম্মত নয়, সেখানে আমি আগাতে পারব না। আমার স্বামী প্রবাসে থাকায় আমি সিদ্ধান্ত নিতে পারছি না।
এ বিষয়ে গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, মেয়ে এবং মেয়ের পরিবার যদি রাজি না থাকে সে ক্ষেত্রে সুন্দর সমাধানের কোনো পথ নেই। ছেলেকে সেফ কাস্টডিতে নিয়ে দুই পক্ষের কথা শুনে পুলিশকে এ ঘটনায় ব্যবস্থা নিতে হবে। আমি ইতোমধ্যে পুলিশকে বিষয়টি জানিয়েছি।