পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৬:৫৮ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫ ১৬:৫৯ পিএম
জেলেদের আইনগত পরামর্শ প্রদান, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সরকারি সুবিধা প্রাপ্তি নিশ্চিত করা, ভূমিহীন জেলেদের ভূমি অধিকার নিশ্চিত করাসহ জেলেদের নানাবিদ অধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস’র ফিসনেট প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান। এ সময় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, উপজেলা ভূমি কমিটি, উপজেলা পানি কমিটি, মৎস্যজীবী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় মৎস্যজীবীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ প্রদান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় কৌশল ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
ইউএনও মিজানুর রহমান বলেন, উপকূলের জেলেরা নানাবিধ অধিকার থেকে বঞ্চিত এবং অবহেলিত। এ জন্য প্রকল্প সময়োপযোগী হতে হবে। প্রকল্পে যথাযথ কার্যক্রম বাস্তবায়ন করলে অবশ্যই জেলেদের অধিকার নিশ্চিত হবে।