রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৫:৫৪ পিএম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০ পিস ইয়াবাসহ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লালপুর দীঘলবস্তী কবরস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ও ওই ইউনিয়নের লালাপুর দীঘলবস্তী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই গোলাম রব্বানী গোপনে মাদক কারবারে জড়িত। পুলিশের একাধিক অভিযানে তিনি ধরা না পড়লেও সোমবার রাতে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘মাদক কারবার দূরের কথা, মাদক সেবন করে- এমন লোকদেরও দলে ঠাঁই নেই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তার অপকর্মের দায় দল নেবে না।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, গোলাম রব্বানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।