নীলফামারী প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৫:৩১ পিএম
নীলফামারী জেলার কেতকীবাড়ী ইউনিয়নের বোতলগঞ্জ এলাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে গত ৫ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন এক কলেজ ছাত্রী। তার অভিযোগ- প্রেমিক প্রতিশ্রুতি ভঙ্গ করায় বাধ্য হয়ে এ কঠিন পদক্ষেপ নিয়েছেন তিনি। তবে এতদিনেও কোনো সমাধান না হওয়ায় এলাকাবাসীর মাঝে উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।
জানা গেছে- বোতলগঞ্জ এলাকার মোশারফ হোসেনের ছেলে আবু আলম ও একই এলাকার মমিনুল ইসলামের (ছদ্মনাম) মেয়ে কলেজ ছাত্রী মাফিয়া বেগম (ছদ্মনাম) মধ্যে গত ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্পর্ক ঘিরে একাধিকবার উভয় পরিবারের মধ্যে আপোস-মীমাংসাও হয়।
এক পর্যায়ে মেয়ের বাবা স্বীকার করেন এই আপোসের প্রেক্ষিতে ছেলেপক্ষ প্রায় দুই লাখ টাকা দিয়েছে। মেয়েটির অভিযোগ, আপোস-মীমাংসার পরেও আবু আলম তাকে উত্যক্ত করতেন। ছেলের চাপে পড়ে একপর্যায়ে তিনি বিষপান করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে পুনরায় তাদের যোগাযোগ শুরু হয়।
গত ১৭ অক্টোবর রাতে আবু আলম তাকে নিজের বাড়িতে আসার জন্য ডেকে নেন বলে মেয়েটি দাবি করেন। এরপর থেকেই তিনি বিয়ের দাবিতে ওই বাড়িতেই অবস্থান করছেন।
এদিকে, টানা ৫ দিন পার হলেও কোনো সুরাহা হয়নি। স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও সমাধানে পৌঁছানো যায়নি। এলাকাবাসী বলছেন, ঘটনাটি এখন শুধু দুটি পরিবারের মধ্যকার বিষয় নয়, সামাজিক স্থিতিশীলতার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে আবু আলাম ও তার পরিবারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রশিদুল হক রোমান ও ইউপি সদস্য আবু তারেক জানান- বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা চলছে, দ্রুত সমাধান করার চেষ্টা চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটি এখনও প্রেমিকের বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশ বলছে, এখন পর্যন্ত এ বিষয়ে কোনও অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম।