কানাইঘাট (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৩:৪১ পিএম
সিলেটের কানাইঘাটে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান থেকে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা (প্রায় ৪ হাজার কেজি) জব্দ করেছে পুলিশ। এসময় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়।
সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে সিলেট-জকিগঞ্জ সড়কের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে এসব চা-পাতা জব্দ করা হয়।
পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি চালাচ্ছিলেন বিশ্বনাথ উপজেলার হাওরাবাজার গ্রামের মৃত নাইম উদ্দিনের ছেলে মাসুম মিয়া (২৬)। তাকে চা-পাতাসহ আটক করে থানায় আনা হয়েছে। উদ্ধারকৃত চা-পাতার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
থানার সেকেন্ড অফিসার নুর হোসেন জানান, থানার এসআই শাহ আলমসহ পুলিশের একটি দল রাত ২টার দিকে চেকপোস্ট বসিয়ে ভারতীয় চা-পাতা বোঝাই কাভার্ডভ্যানসহ চালককে আটক করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে চোরাচালান সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি চিনির পরিবর্তে সীমান্ত দিয়ে ভারতীয় চা-পাতা পাচার বেড়েছে।