আরমান খান, রাঙামাটি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১০:১৯ এএম
জাম্বুরা অতিপরিচিত একটি মৌসুমি ফল। দামে সস্তা হলেও পুষ্টিগুণের বিবেচনায় অত্যন্ত মূল্যবান এই ফল। সাধারণত এপ্রিল থেকে অক্টোবর জাম্বুরার সিজন। এ সময়ে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় পুষ্টিগুণে সমৃদ্ধ মৌসুমি ফল জাম্বুরা। রাঙামাটির পাহাড়ে উৎপাদিত রসালো জাম্বুরার কদর বাড়ছে দেশজুড়ে। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে দিন দিন এর চাহিদা বেড়েই চলছে। রাঙামাটির বিভিন্ন হাটে মৌসুমি ফলের পাশাপাশি এখন জাম্বুরায় ভরপুর। পাইকাররা প্রতিদিন রাঙামাটি থেকে ট্রাকবোঝাই করে জাম্বুরা নিয়ে যান দেশের বিভিন্ন ফলের আড়তে।
রাঙামাটি কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় এই বছর ১ হাজার ১৭৫ হেক্টর জমিতে জাম্বুরার আবাদ হয়েছে। এতে ১৪ হাজার টন ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর রাঙামাটিতে জাম্বুরার ফলন বেশি।
রাঙামাটির দুর্গম লংগদু উপজেলার খাড়িকাটা ও বেগিছড়া থেকে নিজের ও প্রতিবেশীর বাগানের দুই নৌকা জাম্বুরা বিক্রি করতে বনরুপা বাজারের সমতাঘাটে এসেছেন চাষি জ্যোতিময় চাকমা। তিনি জানান, চলতি বছর জাম্বুরার ফলন ভালো হয়েছে, তবে দাম খুবই কম। গত বছর প্রতি পিস জাম্বুরা ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি করেছি। এ বছর সেই একই জাম্বুরার পাইকারি দাম পাচ্ছি মাত্র ৫ থেকে ১০ টাকা। এতে করে নৌকা ভাড়াও হবে না।
রাঙামাটির ট্রাক টার্মিনাল এলাকায় অন্তত ১৫-২০ জন পাইকার রয়েছেন। যারা শহরের বনরুপা সমতাঘাট থেকে জাম্বুরাসহ মৌসুমি ফল কিনে ট্রাকে করে রাজধানী ঢাকা ছাড়াও কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের ফলের আড়তে নিয়ে যান। কথা হয় ব্যবসায়ী ও আড়তদার নাজিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, পাহাড়ে উৎপাদিত জাম্বুরার চাহিদা রয়েছে দেশজুড়ে। আমার নিজস্ব ফলের আড়ত রয়েছে চট্টগ্রামে। পাশাপাশি অন্যান্য আড়তেও জাম্বুরা সরবরাহ করে থাকি। প্রতি বছর জাম্বুরার মৌসুমে ২ মাসের জন্য রাঙামাটি থেকে জাম্বুরা সংগ্রহ করি। এখানকার জাম্বুরা সাইজে বড় রসালো ও মিষ্টি হয়।
পাইকার নজরুল ইসলাম বলেন, এ বছর তুলানামূলক কম দামে জাম্বুরা কিনতে পারছি। প্রতিদিনই রাঙামাটি থেকে ১০ ট্রাকের মতো জাম্বুরা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় নেওয়া হয়। তবে পরিবহন ও শুল্ক খরচ অনেক বেশি হওয়ায় খুব বেশি লাভ করা যাচ্ছে না।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, জাম্বুরা গাছ পাহাড়ের মাটির জন্য পরিবেশবান্ধব। এ বছর জেলায় জাম্বুরার ফলন ভালো হয়েছে। তবে দুর্গম অঞ্চল ও অতি দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে চাষিরা ভালো দাম পান না। তাই চাহিদা থাকলেও পাহাড়ে জাম্বুরার বাণিজ্যিক চাষের সম্ভাবনা খুবই কম।