ময়মনসিংহ অফিস
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৯:৪৩ পিএম
ঘুষ ও দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলামকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে । রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মো. সাইফুল ইসলামকে তার বর্তমান কর্মস্থল ময়মনসিংহ সিভিল সার্জন অফিস থেকে অব্যাহতি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত ডা. মোহাম্মদ হাইদার ইলিয়াস খানকে ময়মনসিংহের নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে , ডা. মো. সাইফুল ইসলামকে আগামী ২১ অক্টোবরের মধ্যে ময়মনসিংহ থেকে বিদায় নিতে হবে এবং নতুন পদায়নপ্রাপ্ত ডা. হাইদার ইলিয়াস খান ২২ অক্টোবরের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন।
প্রশাসনিক কারণে ময়মনসিংহের সিভিল সার্জন অফিসে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হলেও সূত্রে জানা গেছে, ডা. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়োগ ও কমিশন বাণিজ্য অভিযোগ ছিল । সেই সঙ্গে ময়মনসিংহে সকল লাইসেন্স বিহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল থেকেও টাকা হাতিয়ে নিতেন। নতুন করেও লাইসেন্স দেওয়া হতো না, এমনকি লাইসেন্স রিভিউ পর্যন্ত আটকিয়ে রাখা হতো টাকার জন্য। এ নিয়ে সম্প্রতি প্রতিদিন বাংলাদেশ এ একাধিক খবর প্রকাশিত হয়েছে।
ময়মনসিংহে স্বাস্থ্য খাতে চলমান দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সাইবার কমিউনিটি দীর্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলন করে আসছিল।
সাইবার কমিউনিটির সভাপতি সাকিব আহমেদ তুহিন বলেন, ময়মনসিংহের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে যে অনিয়ম চলছিল, তার বিরুদ্ধে আমরা অবিরামভাবে আন্দোলন করেছি। এই বদলি আমাদের আন্দোলনের প্রাথমিক ফল। তিনি আরও বলেন, মূল লক্ষ্য হলো জবাবদিহিতা নিশ্চিত করা। তাই প্রশাসনিক বদলকে পর্যাপ্ত বলে দেখলে চলবে না, সম্পূর্ণ তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণই চূড়ান্ত সমাধান হবে।