ইউপি চেয়ারম্যানের ওপর হামলা
পীরগাছা (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৯:৩৩ পিএম
রংপুরের পীরগাছার দেউতিতে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। মব সৃষ্টি করে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজার ওপর হামলা, গাড়ি ভাংচুর ও অর্থ লুটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে ঘণ্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ মিছিল করা হয়। সোমবার (২০ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদ গেটে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপির ৯টি ইউনিয়নের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বাররা অংশ নেন।
ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, ভূক্তভোগী পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, কৈকুড়ী ইউপি চেয়ারম্যান নুর আলম মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন, শ্রমিক দলের সদস্যসচিব এনামুল হক, কৃষক দলের সোহাগ মিয়া, মৎস্যজীবী দলের আহবায়ক রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য আব্দুল আখের, মাহবুবার রহমান, আকবার আলী প্রমুখ।
কয়েক হাজার নেতাকর্মী রাস্তায় বসে পড়লে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল অবরোধ কর্মসূচিতে যোগ দেয়।
এসময় বক্তারা বলেন, দেউতির একজন নব্য রাজনৈতিক নেতা ভাড়াটিয়া কিছু সন্ত্রাসী দিয়ে পারুল ইউনিয়নের দেউতিকে পীরগাছা থেকে আলাদা করতে চাইছে। তারা সন্ত্রাসী কায়দায় মব সৃষ্টি করে পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজাকে লাঞ্ছিত করে এবং তার গাড়ি ভাংচুর করে। এসব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।