গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৯:০২ পিএম
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সামসুন নাহার (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নতুন করে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আতাউর রহমান জানান, শনিবার (১৮ অক্টোবর) রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা এলাকার আজাহার মিয়ার স্ত্রী সামসুন নাহার জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়।
তিনি আরও জানান, সোমবার সকালে সামসুন নাহারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে আরও ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এখন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৭৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।