চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৯:০১ পিএম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, টিসিবির পণ্যপ্রাপ্তি নাগরিকদের অধিকার। বিশেষ করে যারা অস্বচ্ছল, তাদের জন্য এই সহায়তা কার্যক্রম আরও সহজ ও কার্যকর করতে হবে। এজন্য ফ্যামিলি কার্ডভিত্তিক একটি স্বচ্ছ ও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে হবে। সোমবার (২০ অক্টোবর) নগরীর মোহরা ৫নং ওয়ার্ডে চসিক প্রদত্ত স্মার্ট ফ্যামিলি কার্ড (টিসিবি) বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সরকারিভাবে ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে যে খাদ্যপণ্য দেওয়া হচ্ছে, তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সেজন্য সিটি কর্পোরেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই কোনো মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ যেন না থাকে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি তথ্যভিত্তিক ডাটাবেইস তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রমেও সহায়ক হবে। একটি টেকসই নগরী গঠনে দরিদ্রবান্ধব নীতিমালা ও কার্যক্রম জরুরি।
মেয়র আরও জানান, চট্টগ্রাম শহরে সাড়ে তিন লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে নাগরিকরা বাজারমূল্যের তুলনায় অর্ধেক দামে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন। এক পরিবার একটি কার্ডই পাবে, এটি একটি স্বচ্ছ ও ন্যায্য পদ্ধতি। কার্ডধারী অবশ্যই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা অসচ্ছল শ্রেণির হতে হবে।
তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করেছেন এবং তারেক রহমানের ঘোষিত অন্যতম লক্ষ্য হলো, ‘ঘরে ঘরে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া’। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে আবারো দরিদ্র শ্রেণীর জন্য কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড চালু করে ভাগোন্নয়নে কাজ করবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ও মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম, জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি ইদ্রিস মিয়া, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু, সাধারণ সম্পাদক এম ফিরোজ খান, মহানগর বিএনপির সাবেক সদস্য মো. ইয়াসিন, মোহরা ওয়ার্ড বিএনপির আহবায়ক ইকবাল চৌধুরী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।