মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৮:৪৩ পিএম
কিশোরগঞ্জে প্রাতিষ্ঠানিক সুশাসন ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত দুর্নীতি বিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) এর যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে সুশাসনের চর্চা শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেছেন কিশোরগঞ্জের সেবাপ্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ ৬৭ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।
কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এতে সঞ্চলনা করেন টিআইবি’র ঢাকা ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. মাহান উল হক।
এতে প্রাতিষ্ঠানিক সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য, সুশাসনের ঘাটতি দূরীকরণে করণীয়, টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদান, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্টের প্রয়োগের কৌশল, বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং প্রযোজ্য ক্ষেত্রে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন সম্ভব নয় উল্লেখ করে বলেন, প্রত্যেক দপ্তরকে এখন জনসেবায় নিবিড় নজর দিতে হবে। কোনো দপ্তরে এমন কিছু করা যাবে না, যা সেবাগ্রহীতার প্রতি বৈষম্য ও অন্যায্যতার পথ তৈরি করে। জনসেবা প্রদানে ন্যায্যতা, আইনের শাসন, ন্যায়-বিচার, সচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়নে গভীর নজর দিতে হবে। দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাবে রহমত, দুদকের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, সনাক’র সভাপতি স্বপন কুমার বর্মন, জেলা সমবায় কর্মকর্তা মো. নবিউল ইসলাম প্রমুখ।