বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১১:৪২ এএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার পুত্রবধু লিলি আক্তার (৩০)। রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আসাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী। ঘটনার পরপরই লিলি আক্তারকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই শাশুড়ি পারুল বেগমের সঙ্গে পুত্রবধু লিলি আক্তারের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। রবিবার রাতে মেয়েকে পড়ানোর সময় লিলির সঙ্গে শাশুড়ির বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লিলি পারুল বেগমের হাতে থাকা হাতুড়ি ছিনিয়ে নিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান পারুল বেগম। পরে ঘটনা আড়াল করার জন্য তার মরদেহ ঘর থেকে বের করে দরজার সামনে রেখে লিলি চিৎকার করে বলে তার শাশুড়িকে বহিরাগত লোকজন মেরে ফেলে চলে গেছে।
এ বিষয়ে নিহত পারুল বেগমের মেয়ে বিলকিস আক্তার বলেন, আমার শ্বশুরবাড়ি গাজীপুরে। রাতে ফোনে খবর পাই মা নাকি মারা গেছেন। কী হয়েছে কেউ ঠিকভাবে বলতে পারেনি। খবর পেয়ে তাড়াহুড়ো করে বাঞ্ছারামপুরে এসে দেখি মা লাশ হয়ে পড়ে আছেন। পরে এলাকাবাসী ও পুলিশ জানায়, আমার ভাইয়ের স্ত্রী হাতুড়ি দিয়ে আঘাত করে আমার মাকে হত্যা করেছে। আমি আমার মায়ের হত্যাকারীর কঠিন শাস্তি চাই।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, রবিবার রাত আটটার দিকে আসাদনগর মধ্যপাড়ায় এক নারী নিহত হয়েছেন এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে পুত্রবধূ লিপি আক্তার হাতুড়ি দিয়ে আঘাত করে তার শাশুড়িকে হত্যা করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। জিজ্ঞাসাবাদে লিলি আক্তার হত্যার কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর মেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।