রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৮:৩৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫ ১৮:৩৯ পিএম
বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও কার্যকর করতে সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
রবিবার (১৯ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে "নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা" অনুষ্ঠিনে এ আহ্ববান জানান তিনি। রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফয়জুল করীম বলেন, “জনগণের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সংসদে প্রত্যেকটি রাজনৈতিক দলের ভোটের অনুপাতে আসন বণ্টনের ব্যবস্থা করতে হবে। জনগণের দাবি ও জাতীয় স্বার্থের প্রতি সম্মান দেখিয়ে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা সময়ের দাবি।বর্তমান পদ্ধতিতে অনেক ক্ষেত্রেই ভোটের অনুপাতে জনগণের মতামত সংসদে প্রতিফলিত হয় না। ফলে একটি ক্ষুদ্র অংশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় আসে, আর বিশাল জনগোষ্ঠীর মতামত উপেক্ষিত থাকে। এটি গণতন্ত্রের পরিপন্থী।”
তিনি জোর দিয়ে আরও বলেন, পিআর পদ্ধতি চালু হলে দেশের প্রতিটি ভোটের মূল্য থাকবে সমান। এতে প্রকৃত জাতীয় ঐক্য গড়ে উঠবে এবং জনগণের বিশ্বাস পুনরুদ্ধার হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে জনগণের ভোটের মর্যাদা রক্ষার আন্দোলন করে আসছে। আমরা বিশ্বাস করি, পিআর পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে দেশের রাজনীতি সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ পথে অগ্রসর হবে।
এসময় আরো আলোচনা বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাও. ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, লক্ষ্মীপুর জেলা সভাপতি মাও. দেলাওয়ার হোসাইন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের হাতপাখার এমপি পদপ্রার্থী আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী প্রমুখ।