বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৭:৪৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে ও কম্বল জব্দ করেছে বিজিবি।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রবিবার ভোর সাড়ে ৫টায় একটি পিকআপ সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় যাওয়ার সময় সন্দেহ হলে চম্পকনগর এলাকায় গাড়িটি থামানো হয়। এ সময় পিকআপ তল্লাশি করে লুকায়িত অবস্থায় ১৫ হাজার ১৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের কম্বল জব্দ করা হয়। এছাড়া পিকআপটি আটক করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।
জব্দকৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে কোনো অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে চোরাচালান রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।