× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ দফা দাবিতে সার ডিলারদের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৭:১৯ পিএম

৪ দফা দাবিতে সার ডিলারদের সংবাদ সম্মেলন

বিদ্যমান সার নীতিমালা-২০০৯ বহাল ও সকল সারের বিক্রয় কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণসহ ৪ দফা দাবিতে সার ডিলারদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর কংগ্রেস জুবলী রোড এলাকায় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বি.এফ.এ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব তথ্য জানান।

এ সময় লিখিত বক্তব্যে এসোসিয়েশনের ময়মনসিংহ জেলার সভাপতি জয়নাল আবেদীন বলেন, গত ৩০ সেপ্টেম্বর সার বিষয়ক জাতীয় কমিটি সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সম্মানিত নীতিমালা-২০২৫ অনুমোদন করা হয়। যা আগামী ১ জানুয়ারি কার্যকর হবে বলে ঘোষণা করা হয়। সুদীর্ঘ ৩০ বছর যাবত আমরা (ডিলাররা) সুনামের সঙ্গে সরকারের গৃহীত সিদ্ধান্ত ও নীতিমালা অনুযায়ী এই ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদের জানামতে বিগত দিনে ময়মনসিংহ অঞ্চলসহ সমগ্র বাংলাদেশে বড় ধরনের সারের কোনো সংকট সৃষ্টি হয়নি। হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে বিদ্যমান নীতিমালা-২০০৯ পরিবর্তনের সিদ্ধান্তে আমরা হতাশ। নীতি সংশোধন, সংযোজন, বিয়োজন যদি করতে হয় তবে অবশ্যই অংশীজনের সঙ্গে আলোচনা করে তা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছিÑ এক শ্রেণি ষড়যন্ত্রকারী আমাদের ভাবমূতি নষ্ট করার জন্য মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালিয়ে কৃষি খাতকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। অনতিবিলম্বে এই অপপ্রচার বন্ধ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাহিদা মোতাবেক সকল সারের বরাদ্দ দেওয়ার দাবি জানাচ্ছি। ১৯৯৫ সালে ডিলারশিপ প্রথার শুরু থেকে অদ্যবদি পর্যন্ত আমাদের গ্রুস মুনাফা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ ১৯৯৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বেশ কয়েকবার বৃদ্ধি পেয়েছে। এতে করে সার পরিবহনের খচর কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ব্যাংক সুদ, গুদাম ভাড়া, কর্মচারী ব্যয়, লোড-আনলোড ও আনুষঙ্গিক যাবতীয় খরচ বৃদ্ধি হওয়ার পরেও বিক্রয় কমিশন বৃদ্ধি করা হয়নি। সার ডিলার নিয়োগ সম্মানিত নীতিমালা-২০২৫ এর একজন ডিলারকে ৩টি বিক্রয় কেন্দ্র ও গুদাম স্থাপন করতে হলে একজন ডিলারের ব্যয় ৩ গুণ বৃদ্ধি পাবে। তাই আমরা বিদ্যমান নীতিমালার আলোকে আমাদের সকল সার বিক্রয়ের কমিশন বৃদ্ধির জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা মনে করি, কৃষক পর্যায়ে সারের চাহিদা নিরূপণ করে ওয়ার্ড পর্যায়ে নিয়োজিত সকল খুচরা ডিলারদের মাধ্যমে বিদ্যমান নীতিমালা অনুযায়ী সার সরবরাহ করলে কৃষক পর্যায়ে দ্রুততম সময়ে সার পৌঁছানো সম্ভব। আমাদের দাবিÑ  বিদ্যমান সার ডিলারশিপ বহাল রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের অধীনে নীতিমালা সংক্রান্ত কোনো পরিবর্তন আনলে আবার রাজনৈতিক সরকার গঠিত হলে আবার পরিবর্তন হবেÑ বিধায় সময় নিয়ে সমস্ত অংশীজনের মতামত নিয়ে নীতিমালা কার্যকর করা যেতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাহিদা মোতাবেক সার কৃষি মন্ত্রণালয় থেকে অনুমোদন না করলে জেলায় সারের সংকট দেখা দেবে এটাই স্বাভাবিক। জেলার প্রকৃত চাহিদা মাফিক কৃষি মন্ত্রণালয় থেকে সারের বরাদ্দ দিলে কোনোভাবে কোনো জেলায় সারের সংকট হবে না। আমরা আশা করি, সরকারের সংশ্লিষ্ট দপ্তর গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করবেন।

সংবাদ সম্মেলনে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার (ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল) নেতারা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন-  বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন টাঙ্গাইলের সভাপতি কাজী শামছুল হক রহমান, জামালপুরের সাবেক পরিচালক মো. চাঁন মিয়া প্রমুখ।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা